ঝড়ে একজন নিহত শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার কালবৈশাখীতে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। গাছের নিচে চাপা পড়ে উজিরপুর উপজেলায় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিন উপজেলায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। তিনটি উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলাগুলোতে ঝড়ে কয়েক শ গাছ ভেঙে পড়েছে। ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ঝড় শুরু হয়। ঝড়ে তিনটি উপজেলার শতাধিক ঘর, বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঝড়ের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় এলাকায় আজমিরী পরিবহনের একটি বাসের ওপর গাছ ভেঙে পড়ে। বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আহত হন তিনজন। উপজেলার চাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষ্ণকান্ত জানান, তাঁর ইউনিয়নে গাছ চাপা পড়ে আটজন আহত ও ২০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। গৌরনদী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ঝড়ে উপজেলায় অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। এদিকে উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় একটি গাছ আমিন ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের ওপর ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে উপজেলার আটিপাড়া গ্রামের মতিউর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও তিনজন। আগৈলঝাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল জানান, উপজেলায় ঝড়ে ২০টি ঘর বিধ্বস্ত ও ১০ জন আহত হয়েছে।