ঝড়ে একজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় গত রোববারের ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে অন্তত দুই শতাধিক বসতঘর। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গম ও পেঁয়াজ।
নিহত ব্যক্তি হলেন উপজেলার পাঁচুরিয়া গ্রামের মোহাম্মদ আলী (২৬)। এ ছাড়া বজ্রপাতের বিকট শব্দে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পেঁচাকোলা গ্রামের রানু বেগমের (৬৫) মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড় শুরু হয়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী ঝড় ও বৃষ্টিতে বেড়া পৌর এলাকাসহ উপজেলার নয়টি ইউনিয়নের বহু গাছপালা উপড়ে পড়ে। বিধ্বস্ত হয় বসতঘর। ঝড়ের সময় পাঁচুরিয়া গ্রামের আবদুস সামাদের ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। ঘরচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুস সামাদের ছেলে মোহাম্মদ আলী।
ঝড়ে বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে পড়েছে। তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে বেশির ভাগ এলাকা। ঝড় শেষে কিছু বিদ্যুতের খুঁটি মেরামত করে কিছু এলাকায় বিদ্যুৎ-সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন ছিল।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপমহাব্যবস্থাপক শাহীদুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘ঝড়ে প্রচুর তার ছিঁড়ে গেছে, খুঁটি উপড়ে পড়েছে। ঝড় থেমে যাওয়ার পর থেকেই আমরা বিদ্যুৎ লাইন চালু করার জন্য টানা কাজ করে যাচ্ছি। কিন্তু বিশাল এলাকাজুড়ে তার ও খুঁটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক করতে কত সময় লাগবে, তা বলা যাচ্ছে না।’
সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রায় সব এলাকাতেই ফসলের মাঠে থাকা উঠতি গম ও পেঁয়াজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ ফসল দুটি কৃষকের ঘরে উঠত। এখন এ দুটি ফসল অর্ধেকেরও কম পাবেন বলে কৃষকেরা জানিয়েছেন।
হাতিগাড়া ফসলের মাঠে গিয়ে দেখা যায়, প্রতিটি খেতের গম ও পেঁয়াজগাছ মাটিতে শুয়ে পড়েছে। হাতিগাড়া গ্রামের কৃষক মাহমুদ আলী তাঁর দেড় বিঘা জমির গমগাছ দেখিয়ে বলেন, ‘আর মাত্র ১৫ দিন পর হলি এই জমির থ্যা আমি ২০ মণ গম পাইত্যাম। এখন যে ক্ষতি হয়া গেল, তাতে সাত-আট মণ গম পাব কি না সন্দেহ!’