ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিনের সাঁচড়ায় ঝড়ে বিধ্বস্ত ছয় শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় চেয়ারম্যান নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করলেও সরকারিভাবে কোনো সাহায্য পৌঁছায়নি।সোমবার বিকেলের কয়েক সেকেন্ডের ঝড় সাঁচড়া ইউনিয়নের সব কয়েকটি গ্রাম লন্ডভন্ড করে দিয়ে যায়। ওই ইউনিয়নের ছয় শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের রাস্তার পাশে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, তার ও গাছগাছালি। স্তূপ হয়ে পড়ে আছে কাঁচা ঘর। বাথানবাড়ি গ্রামের সুলতান চৌকিদার (৪৫) সিডরের সময় তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে মারা গেছেন। স্ত্রী হাসিনা বিবি (৩৫) ভিক্ষা করে সংসার চালাতেন। সেই হাসিনা বিবি সোমবারের ঝড়ে ঘরচাপা পড়ে মারা গেছেন। এখন পাঁচ শিশু—সবুজ, মারাজানা, শিখা, সোহেল, পারভেজ সারা দিন কাঁদছে। হাসিনার বোন মিনারা বেগম (৩৪) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওদের আর কেউ রইল না।’মীরাবাড়ির বাসিন্দা জয়নাল মীর, হজরত মীর, ইউনুস, আইয়ুব আলী, আকবর হোসেন, আবদুল গণি মীর, মোস্তফা মীরসহ ১৬টি পরিবারের শতাধিক সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছে। পাশের খানবাড়ির মাসুদ মিস্ত্রি, আইয়ুব আলী মিস্ত্রি, আসাদুল মিস্ত্রি ও নীরব মিস্ত্রির ঘর সম্পূর্ণ ভেঙে যায়। মাসুদের স্ত্রী সাহিদা ও তাঁর বোন নুরনাহার জানান, সোমবার ঘূর্ণিঝড়ে তাঁদের সব মালামাল ভিজে নষ্ট হয়ে গেছে। পড়ে গেছে ঘর। গ্রামের দিনমজুর শাহে আলম জানান, তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ঝড়ে গাছ পড়ে তাঁর ঘর বিধ্বস্ত হয়। এভাবে পুরো ইউনিয়নে সাড়ে ৬০০ পরিবারের ঘর বিধ্বস্ত হয়েছে। মারা গেছে দুজন। আহত হয়েছে শতাধিক। সমেত আর মোতাহার নামে দুজন নিখোঁজ রয়েছে। ঝড়ে মিজানুর রহমান, রুহুল আমিন, মোর্শেদ, আবুল কাশেম, আবদুল হকেরসহ ২৫টি মুরগির খামারের ভবন উড়ে গেছে। সাঁচড়ার চর ছমিরুদ্দিনে চরে বেড়ায় দুই হাজারেরও বেশি গরু-মহিষ। সেখানে ২৫০টি গরু-মহিষ মারা গেছে। ইউনিয়নের দফাদার মো. অলিউল্লাহ বলেন, সোমবার ঝড়ে ইউনিয়নের তিন শতাধিক গরু-মহিষ-ছাগল ও ১০ হাজার হাঁস-মুরগি মারা গেছে। ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে থাকা শতাধিক নৌকা দুমড়ে-মুচড়ে গেছে। ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিববুল্লাহ জানান, ঝড়ে ছয় শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। চর ছমিরুদ্দিন চরে তিন শতাধিক গবাদিপশু মারা গেছে। ২৫টি মুরগির খামার বিধ্বস্ত হয়েছে। প্রায় তিন হাজার একরের ফসল ডুবে গেছে। ২০টি মাদ্রাসা, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঁচড়া পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাঁচড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে তাৎক্ষণিক আট টন চাল বরাদ্দ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নগদ বরাদ্দের জন্য ওপরও চাহিদা পাঠিয়েছি।’