ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে খাদ্য দেবে সরকার
উপকূলীয় এলাকায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন মাস খাদ্য-সহায়তা দেবে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল রোববার এ কথা জানিয়েছেন। মন্ত্রী গতকাল তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেবে সরকার। এ ছাড়া ভোলা ও নোয়াখালী—দুই জেলায় জরুরি ভিত্তিতে গৃহনির্মাণের জন্য ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা দেওয়া হবে।সরকারি হিসাবে, উপকূলীয় এলাকায় গত বুধবার বয়ে যাওয়া মৌসুমি নিম্নচাপজনিত ঝড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ জন। এর মধ্যে ভোলায় ১১, নোয়াখালীতে ১৭, চট্টগ্রামে চার এবং কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ২৩৫ জন আহত ও ১১ জন নিখোঁজ রয়েছে।এদিকে ১০ অক্টোবর ঝড়ের বিষয়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল কি না, তা দেখার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল ওয়াজেদকে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।