ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে ঘূর্ণিঝড়ে ২৫টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রেণীকক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। একই কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। জানা গেছে, ১ এপ্রিল ভোররাতে গোয়াইনঘাট উপজেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চালা উড়ে যায়। বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের দেয়াল ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে গোয়াইনঘাট, বাঘের সড়ক উচ্চবিদ্যালয়, জলুরমুখ, পরগনা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বারহাল আলিম মাদ্রাসা, পিরিজপুর, পুকাশ, রাজনগর, টুকইর, ছাতারগ্রাম, মুসলিমনগর, দেওয়ারগ্রাম, নোয়াগাঁও, হাটগ্রাম, বলেশ্বর, কামাইদ, মিত্রিমহল, তারুখাল, গহড়া, জলুরমুখ নমঃপাড়া, পূর্ব পেকের খাল, পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈলাখেল অষ্টমখণ্ড রেজি. প্রাথমিক বিদ্যালয়, মনাইকান্দি ও কালিজুরী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচে পাঠদান করাচ্ছেন একজন শিক্ষক।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো আমাকে লিখিত আবেদন জানিয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আতাউল ওরফে গনি বলেন, ‘আমরা অধিক ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোকে স্থানীয়ভাবে সহায়তা করার চেষ্টা করছি।’