ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চাল আত্মসাৎ
রংপুরের কাউনিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য বরাদ্দ দেওয়া ছয় টন চালের পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এক হাজার ৩০০ পরিবার। এর মধ্যে পুরো বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ২৭৫টি পরিবারের। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পক্ষ থেকে গত ৭ জুন কাউনিয়া উপজেলায় ছয় টন খয়রাতি চাল বরাদ্দ করা হয়। এসব চাল ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে ২০ কেজি করে দেওয়ার কথা। কিন্তু উপজেলার কোনো ক্ষতিগ্রস্ত পরিবার চাল পায়নি।ঝড়ে ক্ষতিগ্রস্ত সারাই ইউনিয়নের শমসের আলী বলেন, ‘হামরা শুনছি, হামার নামে চাউল বরাদ্দ হইছে। কিন্তু এই চাউল অন্যটে বেচে দিছে।’ একই ইউনিয়নের রহিম মিয়া বলেন, ‘ঝড়োত হামার ঘর উড়ি গেল। হামরা খাবার পাই না। আর হামার নামোত চাউল আসিয়াও হামরা পাইনো না।’মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমউদ্দিন বলেন, তিনি শুনেছেন, চাল বরাদ্দ এসেছে। কিন্তু এ চাল কী করা হলো, তা তিনি জানেন না। একই কথা বলেন কুর্শা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী, হারগাছ ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ও সারাই ইউপির চেয়ারম্যান আশরাফুল আলম।কাউনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রোকনুজ্জামান চাল বরাদ্দের সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের দপ্তর থেকে চাল বরাদ্দের বিষয়টি তিনি জেনেছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত কাউকে তা দেওয়া হয়নি। অথচ ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকাও নেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) মোখলেছুর রহমান বলেন, এসব খয়রাতি চাল শুধু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারই পাওয়ার যোগ্য। কিন্তু এসব চাল যদি অন্যখানে দেওয়া হয়ে থাকে, তাহলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা পারভীন বলেন, বরাদ্দ করা চাল বিলি করা হয়েছে। এর বেশি কিছু মন্তব্য তিনি করেননি।