ঝড়ে কয়েক শ বাড়িঘর বিধ্বস্ত নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত সোমবার ঝড়ে কয়েক শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন একজন। ঝড়ে উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদরের মাচ্চর, নর্থ চ্যানেল, ডিক্রিরচর ও চর মাধবদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট এলাকায় ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে নিহত হন চণ্ডীপুর গ্রামের আবদুল জলিল চোকদার (৬০)। ঝড়ের সময় তিনি এলাকার একটি দোকানে চা পান করছিলেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ইউসুফ আলী বলেন, সোমবার সন্ধ্যায় ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন আবদুল জলিল। এ সময় গাছের নিচে চাপা পড়ে তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে মারা যান তিনি।

নর্থ চ্যানেল ইউনিয়নের তারা মাঝির ঘাটসংলগ্ন আলিমুদ্দির ডাঙ্গি গ্রামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর বাড়ি আছে। ঝোড়ো হাওয়ায় বাড়ির চৌচালা ঘরটির চাল উড়ে প্রায় দেড় শ মিটার দূরের একটি কলাবাগানে গিয়ে পড়ে। বাড়ির সামনের অংশও বিধ্বস্ত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক হোসেন খান বলেন, গত বর্ষা মৌসুমে চর এলাকায় ওই বাড়ি নির্মাণ করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী। ইউপি চেয়ারম্যান আরও বলেন, ঝড়ে নর্থ চ্যানেল ইউনিয়নের আলিমুদ্দির ডাঙ্গি, কবিরপুর, মনসুরাবাদ, গোলডাঙ্গি, আত্রিশ দাগ, চর টেপুরা ও উত্তর ডিক্রিরচর গ্রামের ছয় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভুট্টাখেত ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়।

ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান সাদিকুজ্জামান বলেন, ঝড়ে খবির মাতুব্বরের ডাঙ্গি, রহিম মাতুব্বরের ডাঙ্গি, কাজেম মাতুব্বরের ডাঙ্গি ও ভুয়াডাঙ্গি গ্রামের ৪০টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া রহিম মাতুব্বরের ডাঙ্গি জামে মসজিদ ও খবির মুন্সীর ডাঙ্গি জামে মসজিদ বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে পাঁচ শতাধিক গাছ।

চর মাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিন মণ্ডল বলেন, ঝড়ে আফজাল মণ্ডলের হাটের মাছ ও কাঁচাবাজারের দুটি টিনশেড স্থাপনা উড়ে গেছে। এ ছাড়া ওই বাজারের আরও পাঁচটি দোকান বিধ্বস্ত হয়। চর বালুধুম, দক্ষিণ চর মাধবদিয়া, বাঘের টিলা ও উত্তর চর মাধবদিয়া গ্রামের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক জি এম আবদুর রউফ বলেন, ঝড় ও শিলাবৃষ্টির কারণে পেঁয়াজবীজ ও ভুট্টাখেতের বেশ ক্ষতি হয়েছে। তিনি বলেন, শুধু নর্থ চ্যানেল ইউনিয়নে ৫০ হেক্টর জমির পেঁয়াজবীজ, ৫৯ হেক্টরের কলা ও ৬২ হেক্টরের ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমিন বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ মাইল।’