ঝড়ে ঘর ও ফসলের ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে কাঁচা ঘর বিধ্বস্ত ও বোরো ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানান, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাদিহাটি, মাকরকইল, কুচলাপাড়া, আতাহার, দক্ষিণশহর, একুট, আচুয়া, জামতলা, জলাহার ও কর্ণখালী মৌজার কয়েক শ বিঘা জমির ধান কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই এলাকার কয়েক শ বিঘা জমির ঝিঙে, শসা, কুমরাসহ বিভিন্ন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তাঁর ইউনিয়নের প্রায় ৪০০ কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝিলিম ইউনিয়নের আলহাজ মাসুদুল হক উচ্চবিদ্যালয় ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলার দোকানপাট ও অনুষ্ঠান মঞ্চ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক খসরু মিয়া বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে বৃষ্টিতে লাভের পরিমাণই বেশি হয়েছে। বৃষ্টিতে ৫০ হেক্টর জমির বোরো খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।