ঝড়ে ঘরচাপায় দুই নারীর মৃত্যু
ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় ঘর বিধ্বস্ত হয়ে দুজন নারী মারা গেছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে পটুয়াখালী সদর ও গলাচিপা উপজেলায় পৃথক ঘটনায় তাঁরা মারা যান।
মারা যাওয়া দুই নারী হলেন সেলিনা বেগম (৩০) ও তানজিলা (১৯)।
সকালে পৌনে ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে ঝড়ে গাছ উপড়ে কুদ্দুস হাওলাদারের ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়। ঘরের নিচে চাপা পড়ে কুদ্দুস হাওলাদারের মেয়ে তানজিলা মারা যান। এক বছর আগে তানজিলার বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন কুদ্দুস হাওলাদার।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংগ্রা গ্রামে গাছ উপড়ে পড়ে ঘর বিধ্বস্ত হয়ে সেলিনা বেগম নামের এক গৃহবধূ মারা গেছেন। তিনি হারুন হাওলাদারের স্ত্রী। এলাকার ইউপি সদস্য বাচ্চু প্যাদা জানান, গাছ ভেঙে পড়ে দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন হানিফ আকন (৫৫) ও চাঁনবুরু বেগম (৫০)।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) বাকাহীদ হোসেন ও গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম দুই নারীর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঝড়ে আশপাশের বেশ কয়েকটি ঘর ও গাছপালা ভেঙে পড়ে বলে তাঁরা জানান।