ঝড়ে ঘরচাপায় দুজন নিহত নৌকাডুবিতে শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গতকাল শনিবার আকস্মিক ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীরা হলেন পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের তানজিলা (২০) ও গলাচিপার আমখোলা ইউনিয়নের সেলিনা বেগম (৩০)। এ ছাড়া গলাচিপায় নৌকা ডুবে নীরব নামের দেড় বছরের একটি শিশু নিখোঁজ রয়েছে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পটুয়াখালীর সদর ও গলাচিপা উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে যায়। প্রায় ৩০ মিনিটের এই ঝড়ে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ভাঙরা গ্রামে গাছ উপড়ে পড়ে ঘরচাপায় সেলিনা বেগমের মৃত্যু হয়। এ সময় গলাচিপা পৌরসভার লঞ্চঘাট এলাকায় রামনাবাদ নদীতে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে তিন সন্তান, স্ত্রীসহ জেলে বাদল মিয়ার নৌকা ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও দেড় বছরের শিশুসন্তান নীরব নিখোঁজ হয়। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে ঝড়ে গলাচিপা পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কিছুসংখ্যক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে পুরো উপজেলায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ঝড়ে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে বিশাল আকৃতির চাম্বলগাছ উপড়ে কুদ্দুস হাওলাদারের ঘরের ওপর পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে কুদ্দুস হাওলাদারের মেয়ে তানজিলার মৃত্যু হয়।
ছোটবিঘাই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু প্যাদা বলেন, এই ঝড়ে গাছ ভেঙে পড়ে তাঁর এলাকার হানিফ আকন ও চাঁনবুরু বেগম নামের দুজন আহত হন।
একই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে ছোট বিঘাই ইউনিয়নের বিশ্বাসের বাজার ও ফুলতলা এলাকার পায়রা নদীতে তিনটি ট্রলার ডুবে গেছে। হঠাৎ ঝড়ে ট্রলারগুলো ডুবে যায়। তবে ট্রলারের মাঝিরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন, আমখোলা ও ছোট বিঘাই ইউনিয়নে দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের তাণ্ডবে বেশ কিছুসংখ্যক বাড়িঘর বিধ্বস্তসহ কয়েক শ গাছ উপড়ে পড়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী বলেন, স্বল্প সময়ের ঝড়ে পটুয়াখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। নিহত দুজনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
কাঁচা ঘর বিধ্বস্ত: নিজস্ব প্রতিবেদক, বরগুনা জানান, বরগুনার আমতলী উপজেলার সাতটি গ্রামের ওপর দিয়ে গতকাল সকালে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে এসব গ্রামের অন্তত ৬০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ। ঝড়ে আমতলী-পটুয়াখালীর সীমান্ত শাখারিয়া এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি খুঁটি ধসে পড়ায় আমতলী, তালতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সকাল থেকে বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ ছিল।
আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আঠারগাছিয়া ইউনিয়নের সাতটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। প্রায় ২০ মিনিট স্থায়ী এই ঝড়ের তাণ্ডবে শাখারিয়া, চাউলা, গাজীপুর, গোডাঙ্গা, পশ্চিম আঠারগাছিয়া ও সোনাখালী গ্রামের অন্তত ৬০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ।