ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে গত শনিবার রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গয়েশবাড়ী ইউনিয়নে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি এবং নওগাঁর আত্রাই উপজেলার কয়েকটি গ্রামে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গয়েশবাড়ী ইউনিয়নের বাসিন্দারা জানান, রাত ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে ইউনিয়নের গয়েশবাড়ী, ছোট মঙ্গলা, সরগ্রাম, তেবাড়িয়া, ভবানীপুর ও দেবীপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে গয়েশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনের ঘর, দেবীপুর তেবাড়িয়া উচ্চবিদ্যালয় ও কলেজের দুটি ঘর, দেবীপুর মাদ্রাসার একটি ঘরসহ গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিদ্যুতের খুঁটি ও অসংখ্য গাছ ভেঙে পড়ে। নষ্ট হয় মাঠের পাকা ধান। তেবাড়িয়া গ্রামের আনসার আলী (৭০) বলেন, ‘জীবনে এ রহম ঝড় দেহি নাই। বৃষ্টির মধ্যি মনে হলো আগুনির গুল্লা। কিছু বুজার আগেই সব শেষ হয়া গেল।’ আত্রাই উপজেলার জামগ্রাম, লাকবাড়ী, নওদুলীসহ আরও কয়েকটি গ্রামের তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছের ডালপালার আঘাতসহ বিভিন্ন বাড়িঘরের উড়ে যাওয়া টিনের আঘাতে লাকবাড়ী গ্রামে বছির উদ্দিন ফকির (৬৫) নামের এক ব্যক্তি নিহত এবং জামগ্রামে আমেনা বেওয়া (৬৫), আবু কালাম (২৫) ও আনোয়ার হোসেন (২০) নামের তিনজন আহত হয়েছেন। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়াসহ গাছের ডালপালা পড়ে তার ছিঁড়ে যাওয়ায় উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত শনিবার রাত সোয়া ১০টার দিকে প্রায় ৩০ মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার শাগাগোলা, ভোঁপাড়া ও মনিয়ারী ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয় এবং ঘরের চালা উড়ে যায়। ঝড়ে গাছপালাসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়।গতকাল রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছ ভেঙে পড়ে গ্রামের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিধ্বস্ত ঘরবাড়ি গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা।