ঝড়ে ঘরের চাল ধসে নিহত ১, খেত ক্ষতিগ্রস্ত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত শনিবার রাতে কালবৈশাখীতে ঘরের চাল ধসে এক বৃদ্ধা নিহত হয়েছেন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে ১৬ ঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন ছিল।
ঝিনাইগাতী উপজেলায় নিহত বৃদ্ধার নাম সালমা বেওয়া (৭৫)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আদর্শ গ্রামের প্রয়াত মছর সেকের স্ত্রী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে বিভিন্ন এলাকার ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে ঝিনাইগাতীর বাকাকুড়া আদর্শ গ্রামে সালমা বেওয়ার ঘরের চাল ধসে পড়ে। বাঁশের আড়ার আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করেন স্বজনেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নকলা উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে উরফা, নকলা সদর ও গণপদ্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরো ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর গতকাল দুপুরে বলেন, কী পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরূপণের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তারা কাজ শুরু করেছেন।
কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শনিবার রাত পৌনে নয়টায় দিকে ঝড় শুরু হয়। সঙ্গে হালকা বৃষ্টি। অনেক স্থানে গাছ উপড়ে যায়। মুন্সিবাজার এলাকায় বিদ্যুতের লাইনের দুটি খুঁটি ও মাধবপুর ইউনিয়ন এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। আরও কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ অঞ্চলের ৩৬ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। গতকাল বেলা পৌনে ১১টায় কমলগঞ্জ উপজেলা সদর, শমশেরনগর, মুন্সিবাজারসহ গুরুত্বপূর্ণ হাটবাজারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত ডিজিএম গোলাম ফারুক বলেন, দুটি স্থানে তিনটি খুঁটি ভেঙেছে। অনেক স্থানে গাছ উপড়ে ও গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সংস্কারকাজ করে গতকাল বেলা পৌনে ১১টায় কমলগঞ্জ উপজেলা সদর, শমশেরনগর, মুন্সিবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি। সংযোগ লাইন পরীক্ষার পর সেসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শনিবার রাত নয়টার দিকে ঝড় শুরু হয়। এতে মেরুরচর, বগারচর, সাধুরপাড়া, নিলাক্ষীয়া, কামালপুর, বাট্টাজোড় ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে আম, লিচু ও মাঠের বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে পড়ায় বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন রাজিবপুর, রৌমারী, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বকশীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে গেছে। অবস্থা স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক বলেন, ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা করে সাহায্যের ব্যবস্থা করা হবে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন শেরপুর, জামালপুর ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি)