ঝড়ে ছয় শতাধিক বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর, নওগাঁর আত্রাই, রাজশাহীর বাগমারা, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও মাগুরায় গত তিন দিনে ঝড়ে ছয় শতাধিক বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও খেতের ফসল। বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও গাছ পড়ে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): শেরপুর উপজেলার আটমিনসা, পানিসারা, তেঁতুলিয়া, খুরতা, মান্দাইল, ভাদার, পেঁচুইল, জামাইল, ভাদাইকুড়ি, পালাসন, শ্যামনগর ও বিশালপুর গ্রামের শতাধিক বসতঘর গত শনিবার ঝড়ে বিধ্বস্ত হয়। উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মনছুর রহমান জানান, আটমিনসা গ্রামের কোনো বাড়ি অক্ষত নেই। তিনি ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সাহায্যের জন্য আবেদন করবেন।আত্রাই (নওগাঁ): আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের দুই শতাধিক বসতঘর গতকাল সোমবার বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় উপজেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ছাড়া গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। থলওলমা গ্রামের জয়সান আলী বলেন, এ ঝড়ে থলওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। এ ছাড়া এলাকার ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বাগমারা (রাজশাহী): বাগমারা উপজেলায় গতকাল সোম ও গত শনিবার ঝড়ে ফসল, গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সকাল সাড়ে সাতটায় বাগমারার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবারের ঝড়ে বাগমারায় ফসল, গাছপালা ও ঘরবাড়িসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): শনিবার ঝড়ে ধানগড়া, ব্রহ্মগাছা, নলকা, পাঙ্গাসী ও সলংলা এলাকার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ধানগড়া মহিলা কলেজ ও ধানগড়া মসজিদসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। ঝড়ে রায়গঞ্জ ও চকনুর এলাকায় বিদ্যুৎ লাইনের তিনটি খুঁটি ভেঙে এবং গাছ পড়ায় বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। এতে রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহিদুজ্জামান জানান, বিদ্যুৎকর্মীরা মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।মাগুরা: শনিবার মাগুরা শহরের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে শহরের ইসলামপুরপাড়া, মাতৃসদনপাড়া, পিটিআইপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় অনেক বসতঘর বিধ্বস্ত হয়েছে ও গাছপালা ভেঙে পড়েছে। রাস্তার ওপর গাছপালা পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় শনিবার বিকাল থেকে রোববার বিকেল পর্যন্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।