ঝড়ে জাহাজ সুন্দরবনের ডাঙায়, ২২ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে কালবৈশাখীর কবলে পড়ে গত বুধবার বিকেলে সুন্দরবনের স্থলভাগে উঠে যাওয়া চালবাহী জাহাজ এমভি বাংলার মায়া দীর্ঘ ২২ ঘণ্টা প্রচেষ্টার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা যায়, সরকারের আমদানি করা ছয় হাজার মেট্রিক টন চাল নিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার মায়া ১৪ এপ্রিল মংলা বন্দরে ভিড়ে। বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকায় মাল খালাসের একপর্যায়ে গত বুধবার বেলা তিনটার দিকে কালবৈশাখীর কবলে পড়ে জাহাজটি সুন্দরবনের নন্দবালা এলাকার বনের স্থলভাগে উঠে যায়। এরপর রাত থেকেই বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ এমটি অগ্নিপ্রহরী দিয়ে চেষ্টা চালিয়ে দীর্ঘ ২২ ঘণ্টা পর গতকাল দুপুর একটায় জাহাজটি উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে এখনো প্রায় ৮০০ মেট্রিক টন চাল রয়েছে।বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক জানান, জাহাজটি উদ্ধারের পর বন্দরের পশুর চ্যানেলের ৫ নম্বর মুরিং বয়ায় রাখা হয়েছে। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং দুজন আহত হয়েছে ।