ঝড়ে টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গত শনিবার কালবৈশাখীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই দিন কিশোরগঞ্জের হাওর অঞ্চলসহ পাঁচটি উপজেলায় ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি ও ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের খুঁটি পড়ে ও তার ছিঁড়ে দেড় শতাধিক গ্রাম ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: রাত আটটার দিকে ঝড়ে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি, কাকুয়া, তালগাছি, কালিকেউটিল, ঝাউগড়া, গোপালকেউটিল, রাঙ্গাচিড়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। এ সময় রাঙ্গাচিড়া গ্রামের কাবেল উদ্দিন শেখের ঘরচাপা পড়ে তাঁর ছেলে হাসান আলী (৭) ও হাসানের মামাতো বোন মোর্শেদা (১০) মারা যায়। এ ছাড়া গোপালকেউটিল প্রাথমিক বিদ্যালয়, খাস কাকুয়া উচ্চবিদ্যালয়ের পুরোনো টিনের ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ইউনিয়ন ভূমি কার্যালয়, কাকুয়া হাটখোলা মসজিদ ও কাকুয়া মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক ওই দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা খাতুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে নিহত ব্যক্তিদের দাফনের জন্য ১০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে আর্থিক অনুদানের আশ্বাস দিয়েছেন। কিশোরগঞ্জ: জেলার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, করিমগঞ্জ ও সদর উপজেলার ২৫টিরও বেশি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে তিন সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, গাছপালা, বোরো ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অষ্টগ্রামের সমাজচর গ্রামের আবুল হোসেন মিয়াকে (৪৫) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ঝড়ে গরু, হাঁস-মুরগিসহ গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো অষ্টগ্রামের আবদুল্লাহপুর, বালিগাঁও, সমাজচর, কদমচাল; মিঠামইনের কাঞ্চনপুর, ফুলপুর, রহমতপুর, কেওয়ারজোর, ঘোড়ারকান্দা; ইটনার সদর ইউনিয়ন; করিমগঞ্জের চামটা, নোয়াবাদ, নিয়ামতপুর এবং সদর উপজেলার বৌলাই, যশোদল, মহিনন্দ ও মাইজকাপন গ্রাম। এ ছাড়া ঝড়ে অষ্টগ্রামের কলিমপুর হাফিজিয়া মাদ্রাসার বড় একটি দোচালা ঘর, দাখিল মাদ্রাসার তিনটি ঘর, মিঠামইনের ঘোড়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোচালা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে দ্রুত পাঠাতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের অবশ্যই সরকারি সহায়তা দেওয়া হবে। সরিষাবাড়ী (জামালপুর): ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে যায়। এতে দেড় শতাধিক গ্রাম ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এ ছাড়া ঝড়ে ধানসহ গাছপালার ক্ষতি হয়েছে। তবে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আলী হোসেন বলেন, ঝড়ে গাছপালা ভেঙে বৈদু্যুতিক তার ছিড়ে যাওয়ায় শতাধিক গ্রামে ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।