ঝড়ে তছনছ বাড়িঘর, আহত ৪০
সারা দিন ছিল রৌদ্রোজ্জ্বল। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। শোঁ শোঁ গতিতে শুরু হয় ঝড়। মুহূর্তেই তছনছ হয়ে যায় বাড়িঘর। ঘরের নিচে চাপা পড়ে লোকজন কাঁতরাতে থাকে। উপড়ে পড়ে গাছপালা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ-সংযোগ।গত রোববার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে এ অবস্থা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত সোয়া নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ঝড়টি স্থায়ী হয়। এতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও, সোনাপুর, শাহপুর, দীঘলবাঁক, নিশ্চিন্তপুর ও কোরবানপুর, পশ্চিম জুড়ীর তালতলা, খাকটেকা ও কালনীগড়, সাগরনালের বড়ডহর, উত্তর সাগরনাল ও কাপনাপাহাড় চা-বাগান এবং ফুলতলার বটুলি ও কোনাগাঁও গ্রামে সাত শতাধিক কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ঘরের নিচে চাপা পড়ে শিশুসহ ৪০ জন আহত হয়েছে।সরেজমিনে গতকাল সকালে ঘুরে দেখা গেছে, কারও চালার টিন উড়ে গেছে। কারও বাঁশের বেড়া ভেঙে পড়েছে। কেউ কেউ শূন্য ভিটায় বসে কাঁদছে। পূর্ব বেলাগাঁওয়ের বিধবা রাবিয়া বেগম (৬৫) কেঁদে কেঁদে বলেন, ‘ঘরটা ভাঙি গেল। সব শেষ। অখন থাকতাম কই!’ মাটিশ্রমিক লাইলি বেগম (৩৫) বলেন, ‘আখতা তুফানটা আইছে। ঘরো পুরুষ মানুষ নাই। তিনটা বাচ্চারে নিয়া খাটর নিচে ঢুকি জানটা বাঁচাইছি।’ শুকনাছড়া গ্রামের ইব্রাহিম আলী জানান, শুকনাছড়া প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা গতকাল সকালে খোলা আকাশের নিচে বসে প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে।জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম, পশ্চিম জুড়ীর ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন, ফুলতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়াজ আলী ও সাগরনাল ইউপির চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সাহায্য দাবি করেছেন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ঝোড়ো বাতাসে কুলাউড়া-জুড়ী-বড়লেখা ৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ সরবরাহ লাইনসহ বিভিন্ন জায়গায় এলটি লাইন ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে জুড়ীর ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের কাছে গৃহনির্মাণসামগ্রীর খরচ বাবদ নগদ টাকা ও চাল চাওয়া হয়েছে।’