ঝড়ে তরুণের মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রবল ঝড়ে এক মৎস্যজীবী তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আবদুল আলীম (২০)। তিনি বারবালা চরের মৃত পুন্ডিত আলীর ছেলে। এ ঘটনায় ১০ জন আহত, চরাঞ্চলের শতাধিক কাঁচা ঘরবাড়ি, প্রায় ২৫টি নৌকা ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার রাতে চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি, স্থলচর চরাঞ্চলে এই ঝড়ের ঘটনা ঘটে।

উপজেলার সদিয়াচাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম ও জেলহাজ হোসেন প্রথম আলোকে বলেন, ঝড়ের সময় মাছ ধরার নৌকা নিয়ে আবদুল আলীম ও তাঁর ভাই বরিচান বারবালা চরে যমুনা নদীর তীরে আশ্রয় নেন। এ সময় বিশাল আকৃতির নদীর পাড় ভেঙে পড়লে দুজনেই চাপা পড়েন। বরিচান কিছুক্ষণ পর মাটি চাপা থেকে বের হতে পারলেও আবদুল আলীম আর বের হতে পারেননি। ফলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এসে এক ঘণ্টার প্রচেষ্টায় নদী থেকে আলীমের লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, ঝড়ের কবলে শতাধিক ঘরবাড়ি ও নদীতীরে থাকা প্রায় ২৫টি নৌকা বিধ্বস্ত হয়েছে। ঘরের চাপায় পড়ে আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘হঠাৎ ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমাদের কারও পক্ষেই মেটানো সম্ভব নয়। তবে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য চেষ্টা করছি।’