ঝড়ে তিন শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচ গ্রামের তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন একজন। আজ সোমবার সকাল সাতটার দিকে ঝড় হয়।

মাথার ওপর গাছের ডাল পড়ে নিহত হন বেগম আক্তার (৪০) নামে এক নারী। ঘরের ভাঙা অংশের কাঠ ঢুকে আহত হয়েছেন নুরু বয়াতি নামে আরেক পুরুষ। বেগম আক্তারের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার চরপায়াতলি গ্রামে। স্বামীর নাম জিয়াউর রহমান সরদার। নুরু বয়াতির বাড়ি নড়িয়ার ভুট্টোমালত গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝড় প্রায় ২০ মিনিট ধরে চলে। এতে নড়িয়া উপজেলার ভুট্টু মালতের কান্দি, খাসমহল কান্দি, ভেদরগঞ্জ উপজেলার দেওয়ান কান্দি, বোরোকাঠি ও চরপায়াতলি গ্রামের তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়।

নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের চেয়ারম্যান সেলিনা জামান বলেন, সকালে হঠাৎ ঝড় হয়। অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভাঙা অংশের কাঠ পেটে ঢুকে নুরু বয়াতি নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের সহায়তা দেওয়া হবে।