ঝড়ে দুই উপজেলায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নোয়াখালী সদর ও যশোরের মনিরামপুর উপজেলায় গতকাল শুক্রবার ভোরে ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং কয়েক শ একর জমির ফসল নষ্ট হয়েছে। মনিরামপুরে ঝড়ে পল্লী বিদুতের প্রায় ২০টি খুঁটি ও ২৫টি ট্রান্সফরমার বিধ্বস্ত হয়ে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।মনিরামপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝড়ে পৌর শহরের মোহনপুর, বিজয়রামপুর, জুড়ানপুর, বাঁধাঘাটা এবং উপজেলার ঝাঁপা, হানুয়ার, কোমলপুর, মোবারকপুর, মশ্বিমনগর, নোয়ালী, পারখাজুরা, ভরতপুর, চাকলাসহ প্রায় ৩০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোহনপুর গ্রামের দিনমজুর সুকুমার, হানুয়ার গ্রামের শাহ আলম, শামছুর রহমান, আবদুস সাত্তার, মোবারকপুর গ্রামের আবদুস সালাম, মোমিনসহ আরও অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তাঁরা এখন কষ্টে দিন কাটাচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ঝড়ে ৩০ হেক্টর জমির কলা, ৫০ হেক্টর জমির পাট এবং পাঁচ হেক্টর জমির পানের বরজ ছাড়াও ফলদ ও বনজ বৃক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) সালাহ উদ্দীন আল বিতার জানান, ঝড়ে বিদ্যুতের প্রায় ২০টি খুঁটি ও ২৫টি ট্রান্সফরমার বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন দ্রুত মেরামতের চেষ্টা চলছে।নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের মধ্যম হুগলি ও দাদপুর গ্রামের উত্তরাংশ এবং নোয়ান্নাই ইউনিয়নের রামকৃষ্ণপুর ও শ্রীরামপুর গ্রামের ওপর দিয়ে ভোর চারটার দিকে প্রচণ্ডবেগে ঝড় বয়ে যায়। ঝড়ে কাঁচা ঘর, গাছপালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ঝড়ে তাঁর ইউনিয়নের দুটি গ্রামের ৩৮টি ঘর বিধ্বস্ত এবং গাছপালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।নোয়ান্নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিউল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও শ্রীরামপুর গ্রামে ঝড়ে ২০টি ঘর বিধ্বস্ত এবং গাছের ঢালপালা পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।পল্লী বিদ্যুতের বেগমগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বাহার উদ্দিন জানান, সদর উপজেলায় ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামতের কাজ চলছে।