ঝড়ে দুই ছাত্রী নিহত, আহত ৩৫, ঘর-গাছের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার প্রচণ্ড ঝড়ে দুই স্কুলছাত্রী নিহত ও ৩৫জন আহত এবং বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নাসিরনগর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রী শেখ জান্নাত বেগম (৯) নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার ফকিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঝড়ে উপজেলার অনেক ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। জান্নাত ফকিরদিয়া গ্রামের শেখ জামাল উদ্দিনের মেয়ে ও ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকালে বাবার সঙ্গে মাছ ধরতে উপজেলার ফকিরদিয়া এলাকাসংলগ্ন মেঘনা নদীতে যায় জান্নাত। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে গেলে ওই ছাত্রী এবং নৌকায় থাকা চারটি ছাগলও মারা গেছে।
বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় দেয়ালচাপায় নূরজাহান নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল সকালে ঝড়ের সময় এ ঘটনা ঘটে। দত্তখোলা গ্রামের মজনু মিয়ার মেয়ে নূরজাহান উবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ।
সরাইল উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর পাঁচটা ও সকাল নয়টায় দুই দফা ঝড় ও বৃষ্টিতে উপজেলা সদর, চুন্টা, কালিকচ্ছ, পানিশ্বর, পাকশিমুল ও অরুয়াইল ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের শরাফত মিয়া ও তাঁর দুই শিশুকন্যা সলমা বেগম ও বুশরা আক্তার টিনের ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছে। কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি এলাকায় আজম ব্রিক্স নামের ইটভাটার একটি পাকা ঘর ভেঙে পড়েছে। অপর একটি ঘরের টিন উড়ে গেছে। ঝড়ে ওই ইটভাটার অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে মামুন মিয়া , সোহাগ মিয়া, আবদুল লতিফ ও অহিদ মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ে পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীতে আড়াই টন ধানবোঝাই একটি নৌকা ডুবে গেছে।
কসবায় ঝড়ে আহত দুই ব্যক্তি হলেন গোপীনাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শামীম মিয়া (৪০) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুন মিয়া (২১)। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় গাড়ি নিয়ে গোপীনাথপুর বাজারে যাওয়ার সময় গাছ পড়ে শামীম ও মামুন আহত হন। এ সময় বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। এতে সারা উপজেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বেলা তিনটায় শুধু পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও শহরে আসেনি।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও কসবা প্রতিনিধি]