ঝড়ে দুই জেলায় দুজনের মৃত্যু, ৫০০ ঘর বিধ্বস্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ওপর দিয়ে গত সোমবার কালবৈশাখী বয়ে গেছে। ঝড়ে কসবায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া তিন উপজেলায় পাঁচ শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কসবা (ব্রাহ্মণবাড়িয়া): সোমবার সন্ধ্যায় কালবৈশাখীতে উপজেলার বায়েক ইউনিয়নের নিশ্চিন্তপুর, শ্যামপুর, খাদলা, বেলতলী, পুটিয়া ও কোল্লাপাথর এবং কুটি ইউনিয়নের রামপুর গ্রামের ১৪টি বসতঘর বিধ্বস্ত এবং শতাধিক গাছ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় চলাকালে বজ্রপাতে নোয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে সিমা আক্তার (৮) এবং রামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে রানা ইসলাম (১৪) মারা যায়। বজ্রপাতে রামপুর গ্রামের হারেজ মিয়া (২০), সজীব মিয়া (১৫), ইসমাইল মিয়া (২০), ছোট বায়েক গ্রামের সহিদ মিয়া (৩০) এবং গাছ পড়ে বড় বায়েক গ্রামের নাজমুল ইসলাম (১০) আহত হয়।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আজাদ ছাল্লাল বলেন, নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে ২০ হাজার, আহত ব্যক্তিদের তিন হাজার এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): সোমবার বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত ও দুই শতাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার ও ইউএনও নাজিম উদ্দীন খাগাতুয়া গ্রাম পরিদর্শন করেন। রতনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুকুল ইসলাম বলেন, ‘মাত্র দু-তিন মিনিট স্থায়ী ঝড়ে গ্রামের ১০০ থেকে ১২০টি ঘর বিধ্বস্ত হয়। আমরা প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরিভাবে সাহায্য চেয়েছি।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার বলেন, ‘আমি ২০টি পরিবারকে এক হাজার করে টাকা দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। বাকিদেরও চাল দেওয়া হবে।’মৌলভীবাজার: সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা, কুলাউড়া সদর, জয়চণ্ডী, রাউৎগাঁও ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে চার শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং অনেক গাছ ভেঙে পড়েছে। খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে পড়ায় সোমবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারের সিটি ফার্মেসি নামে ওষুধ বিক্রির একটি দোকানের মালিক পিটার রুরাম জানান, কালবৈশাখীর তাণ্ডবে তাঁর দোকানের টিনের চাল উড়ে গিয়ে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ নষ্ট হয়েছে।সরিষাবাড়ীতে শতাধিক গ্রামে বিদ্যুৎ নেই: আমাদের সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, সোমবার গভীর রাতের ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে তারের ওপর পড়ে যাওয়ায় শতাধিক গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় বোরো ধানের জমিতে সেচচালিত পাম্প বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ সরিষাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক তৌহিদ উল্লাহ খান জানান, ঝড়ে ২০-২৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ১০ হাজার গ্রাহক অন্ধকারে রয়েছে। উপজেলার আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলী এস এম আবদুল হাকিম জানান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে দু-তিন দিন লাগবে।