ঝড়ে দুই দিন বিদ্যুৎহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী ঝড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিন ধরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ক্যাম্পাস এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে ঝড়ে মারা পড়েছে কয়েক শ পাখি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রচণ্ড বাতাসে বিশ্ববিদ্যালয়ের অনেক স্থানেই গাছ ভেঙে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার বিকেলেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের একটি ব্লক, শহীদ হবিবুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান, মাদার বখ্শসহ বেশ কয়েকটি আবাসিক হলে পানি বন্ধ রয়েছে। বিদ্যুতের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ। বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী সাবিনা পুঁথি বলেন, হলের বেশির ভাগ ছাত্রী কক্ষে রান্না করেন। বিদ্যুৎ না থাকায় রান্না করা যাচ্ছে না। বাইরের হোটেলগুলোতেও ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘ঝড়ের পরদিন সকাল থেকেই বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছেন। দ্রুত বিদ্যুৎ দেওয়ার জন্য অতিরিক্তি লোক নিয়োগ করা হয়েছে। কিন্তু অনেক খুঁটি ভেঙে পড়ে থাকায় সংযোগ দিতে দেরি হচ্ছে। রোববার দুপুরের মধ্যে বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছি।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে বাস করে এমন কয়েক শ পাখি মারা গেছে। প্যারিস রোডের ঐতিহ্যবাহী সাতটি গগণচূড়া গাছসহ শতাধিক গাছ উপরে পড়েছে। পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীন বলেন, খালেদা জিয়া ও তাপসী রাবেয়া হলের মধ্যবর্তী গাছগুলোতে ২০০৭-০৮ সালের দিকে বক কলোনি গড়ে ওঠে। সেখানে বক ও পানকৌড়ির চার শতাধিক বাসা ছিল। ঝড়ে এসব বাসা ধ্বংস হয়ে গেছে। এতে হাজারেরও বেশি পাখির ছানা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঝড়ে বাসা নষ্ট হয়ে যাওয়ায় অনেক পানকৌড়ি ও বয়স্ক বক ওই এলাকা ছেড়ে চলে গেছে।