ঝড়ে দেড় শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ছয়টি গ্রামে গত রোববার রাতে ঝড়ে প্রায় দেড় শ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ পড়ে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ ছাড়া ঝড়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে ও ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে বার্থী ইউনিয়নের বার্থী, গোরক্ষডোবা, বড়দুলালী, তারাকুপি, উত্তর বাউরগাতি, পশ্চিম বাউরগাতি গ্রামের ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে যায়। বড়দুলালী গ্রামের রতন খান (৫০) ও ইদ্রিস সরদার জানান, হঠাৎ করেই প্রচণ্ড বেগে ঝড় আঘাত হানে। এটি এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়। কিন্তু এতে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বার্থী ইউনিয়নের ছয়টি গ্রামের অংশবিশেষ ঝড়ে বিধ্বস্ত হয়ে আছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আহত ব্যক্তিদের মধ্যে তারেক মাঝি (৩০), কালিপদ মজুমদার (৫০), অমল মজুমদার (৫৫), মৃত্যুঞ্জয় রায় (৫২), সুবল দাস (৪০), নিরাঞ্জন মণ্ডলকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অধীর কুমার হালদার জানান, টর্নেডোতে ঢাকা-বরিশাল মহাসড়কে ১৫টি গাছ উপড়ে পড়ে। রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক করেন।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ( ডিজিএম) মো. ফজলুল হক জানান, টর্নেডোতে বিদ্যুৎ বিভাগের বেশি ক্ষতি হয়েছে। প্রধান সঞ্চালন লাইনের দুটি খুঁটি ভেঙে গেছে। বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে পড়ে গেছে এবং আটটি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে আঞ্চলিক কার্যালয়ের আওতায় আট ঘণ্টা বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত বার্থী ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খাইরুল আলম জানান, ছয়টি গ্রামের ৪০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শতাধিক পানের বরজ নষ্ট হয়েছে।
গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পাওয়ার পরই সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।