ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ, ফেরি ও ঘাট বন্ধ
ঝড়-বৃষ্টির কারণে আজ বুধবার বিকেল চারটার পর প্রায় এক ঘণ্টা রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জ পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি বন্ধ ছিল। এ ছাড়া দৌলতদিয়ার একটি ঘাটের র্যাম স্থানচ্যুত হওয়ায় পৌনে এক ঘণ্টার মতো ওই ঘাটটি বন্ধ ছিল। এ কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে বেশ কিছু গাড়ি আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, বিকেল চারটার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে পদ্মা ও যমুনা নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় উভয় কর্তৃপক্ষ লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় মাঝনদীতে আটকা পড়ে একাধিক লঞ্চ ও ফেরি। ঝড়ের কবলে আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হন অনেক যাত্রী। এ ছাড়া উভয় ঘাট থেকে সব ধরনের লঞ্চ ও ফেরি বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের র্যাম স্থানচ্যুত হওয়ায় ঘাটটি দিয়ে ফেরিতে যানবাহন ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়। রেকারের সাহায্যে র্যাম ঠিক করা হলে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধের পর আবার ফেরিতে গাড়ি ওঠানো-নামানো শুরু হয়।