ঝড়ে নিহত এক, তিন জেলায় নয় শতাধিক ঘর বিধ্বস্ত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত সোমবার কালবৈশাখীতে ঘরচাপা পড়ে একজন নিহত, চারজন আহত ও ৫০টি ঘর বিধ্বস্ত হয়। নীলফামারী ও কুড়িগ্রামে গত রবি ও সোমবার ঝড়ে কমপক্ষে ৮৫০টি বসতঘর বিধ্বস্ত হয়। নীলফামারীতে ঘর ও গাছচাপায় ২০ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ঝড়ে গত সোমবার ডলুছড়া গ্রামে ঘরচাপা পড়ে মোছাব্বির মিয়া (৬০) নিহত হয়েছেন। তিনি লাউয়াছড়া আইপ্যাক টহলদলের সদস্য ছিলেন। একই গ্রামে ঘরের নিচে ও গাছচাপা পড়ে উপেন্দ্র দেব বর্মা, খোদেজা বেগম, মো. জাকির হোসেন ও জুলেখা বেগম গুরুতর আহত হন। উপজেলার ডলুছড়া, মির্জাপুর, বৌলাশি, ভূনবীর, ভিমসী, রাধানগর, সবুজবাগ, আশীদ্রোন, গন্ধর্বপুর, কালাপুর, লামুয়াসহ ২০টি গ্রামে ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অর্ধশতাধিক গাছ উপড়ে পড়েছে এবং উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িগ্রাম: চিলমারীর থানাহাট, রানীগঞ্জ ও নয়ারহাটে গত রোববার রাতে ঝড়ে ৬৫০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। বসতঘর বিধ্বস্ত হওয়ায় অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। সরেজমিনে নয়ারহাট ইউনিয়নে গিয়ে দেখা যায়, আটটি গ্রামে অসংখ্য বসতঘর মুখ থুবড়ে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দরিদ্র। ঝড়ে খেরুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গয়নার পোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর পড়ে গেছে। এ ইউনিয়নে ঝড়ে ২৮৪টি, থানাহাট ইউনিয়নে ১৮৬টি ও রানীগঞ্জ ইউনিয়নে ১৯০টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়। চিলমারী উপজেলা নির্বাহী কর্তকর্তা এনামুল হক সাড়ে ৬০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নীলফামারী: সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামে মঙ্গলবার ভোরে ঝড়ে ৪৫টি পরিবারের দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘর ও গাছচাপায় ২০ জন আহত হয়। তাদের মধ্যে আমিজন বেওয়া ও তহমিনাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঝড়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটি ট্রান্সফরমারসহ ভেঙে পড়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল মান্নান ওই গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২০ কেজি করে চাল ও নগদ এক হাজার করে টাকা বিতরণ করেন।