ঝড়ে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঘরের ওপর গাছ পড়ে গতকাল শনিবার এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ে। ভারী বর্ষণ, শিলাবৃষ্টিতে বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল সকালে সদর উপজেলা, করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী, নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এসব এলাকায় ক্ষয়ক্ষতি ছাড়াও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
সকাল সাড়ে আটটার দিকে ঝড়ে করিমগঞ্জের পানাহার গ্রামের কনিকপুরে ঘরের ওপর গাছ পড়ে রইছ উদ্দিন (৫০) আহত হন। উদ্ধার করে কিশোরগঞ্জে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঝড়ে জয়কা ইউনিয়ন ও গুণধর ইউনিয়নের বহু কাঁচা ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বাঁশঝাড়ের ক্ষতি হয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী এর সত্যতা নিশ্চিত করেছেন।
হোসেনপুর উপজেলায় ঝড়, শিলাবৃষ্টিতে সবজিসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে শিলাবৃষ্টির পর সকাল সাড়ে আটটার দিকে কালবৈশাখীর ছোবলে বিদ্যুতের লাইন ও গাছপালা উপড়ে যায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এখানকার ছয়টি ইউনিয়ন ও পৌর এলাকায় এ বছর ৭ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া ৫ হেক্টর জমির কুমড়ার মাচা ভেঙে যাওয়াসহ ভুট্টা, মরিচসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস বলেন, শুধু চালকুমড়ারই ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টা, ধান ও মরিচের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অনুমান করা যাচ্ছে না।
হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. মোশারফ হোসেন বলেন, ঝড়ে ২০টির বেশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে ও তার ছিঁড়ে গেছে। এর কারণে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ের প্রতিবেদন পাওয়ার পর এর পরিমাণ জানা যাবে।