ঝড়ে নোয়াখালীতে ৪৮ হাজার হেক্টর আমন ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি নোয়াখালীর কৃষিতে ক্ষতচিহ্ন রেখে গেছে। নিম্নচাপের প্রভাবে গত শনিবারের বৃষ্টি ও রোববার সকালে উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া বৃষ্টিসহ ঝোড়ো বাতাসে জেলার ৪৮ হাজার হেক্টর জমির আমন ফসল ক্ষতির মুখে পড়েছে। অতিবৃষ্টির কারণে প্রায় ৯০০ হেক্টর জমির শাকসবজি পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার কৃষক বাহার উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি প্রায় তিন একর জমিতে আমন চাষ করেছেন। রোববার সকালে দমকা বাতাসে খেতের সব ধানগাছ মাটির সঙ্গে মিশে গেছে।
সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর এলাকার কৃষক মো. ইলিয়াছ সাড়ে তিন একর জমিতে ধান চাষ করেছেন তিনি। জমি থেকে এবার ফসল পাওয়ার আশা নেই বলে জানান তিনি।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলার নয় উপজেলার মধ্যে ঝড়ে কৃষির বেশি ক্ষতি হয়েছে হাতিয়ায়। সেখানে চাষ হওয়া ৬৩ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় ২২ হাজার ৯০০ হেক্টরের ফসলই ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে। সুবর্ণচর উপজেলায় চাষ হওয়া ৩৭ হাজার হেক্টর জমির মধ্যে ১১ হাজার হেক্টর, নোয়াখালী সদর উপজেলার ১৮ হাজার হেক্টর জমির মধ্যে সাড়ে ৪ হাজার এবং কোম্পানীগঞ্জ উপজেলার ২২ হাজার হেক্টর জমির মধ্যে সাড়ে ৬ হাজার হেক্টরের আমন ফসল ঝড়ে মাটিতে হেলে পড়েছে। বাকি পাঁচ উপজেলায় ৩ হাজার ১০০ হেক্টর জমির আমন ফসল ক্ষতির মুখে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রণব ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ঝোড়ো হাওয়া ও অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ৪৮ হাজার হেক্টর জমির আমন ফসল মাটিতে নুয়ে পড়েছে। এ ছাড়া যেসব জমিতে সবজির বীজ বোনা হয়েছে, তার সবই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই কৃষি কর্মকর্তা।
ফটিকছড়ি (চট্টগ্রাম): নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইটভাটার মালিকেরা লোকসানের আশঙ্কা করছেন। বৃষ্টি থেকে কাঁচা ইট রক্ষায় বেশির ভাগ ভাটায় কোনো প্রস্তুতি ছিল না। উপজেলার ৪৩টি ইটভাটায় প্রায় ৮০ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন মালিকেরা।
গতকাল সোমবার উপজেলার সুয়াবিল ও পাইন্দং ইউনিয়নের কয়েকটি ভাটা ঘুরে দেখা যায়, সাজানো কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে ভেঙে গেছে। ভেজা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
মন্দাকিনী গ্রামের এবিসি ইটভাটার মালিক আমিনুল হক বলেন, প্রায় তিন লাখ ইট বৃষ্টিতে নষ্ট হয়েছে।
সুয়াবিল গ্রামের একতা ব্রিকসে কাঁচা ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিক জলিল মণ্ডল বলেন, ‘কাঁচা ইট তৈরির জন্য মৌসুমের শুরুতে ভাটার মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছি। ঠিকমতো ইট তৈরি করে দিতে না পারলে টাকা ফেরত দিতে হবে।’
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক বলেন, সমিতির আওতায় উপজেলায় ৪৩টি ইটভাটা রয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ৮০ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।