মাওয়া-কাওরাকান্দি নৌপথে গত বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে দুটি স্পিডবোট ডুবে যায়। এতে তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই যাত্রী। গতকাল শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার শহিদুল ইসলাম পলাশ (৪৫), নরসিংদীর দিলীপ দত্ত চৌধুরী (৫২) ও তাঁর শ্যালক সজীব বিশ্বাস (২২)। নিখোঁজ যাত্রীরা হলেন নড়াইলের আকবর সরদার (৪২) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আশরাফ মুন্সী (৪৫)।মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় শিবচর উপজেলার বাংলাবাজার এলাকার পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় স্পিডবোটই নদীতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে চর ও তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ হন। এঁদের তিনজনের লাশ গতকাল শুক্রবার দুপুরে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহত যাত্রী হারুনুর রশীদ গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, তিনি ও তাঁর ভগ্নিপতি দ্রুত বাড়ি যাওয়ার জন্য রাতে কাওরাকান্দিগামী একটি স্পিডবোটে ওঠেন। কিন্তু ঝড়ের কবলে পড়ে পদ্মার মাঝে তাঁদের স্পিডবোটটির সঙ্গে আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। তাঁর ভগ্নিপতি আশরাফ মুন্সী এখনো নিখোঁজ। হারুনুর অভিযোগ করেন, উদ্ধারকাজ কিংবা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রশাসন সময়মতো এগিয়ে আসেনি। আহত আরেক যাত্রী রিয়াজ মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি গোপালগঞ্জে। তিনি ঢাকা যাচ্ছিলেন। তাঁদের স্পিডবোটে ১৩-১৪ জন যাত্রী ছিলেন। জানতে চাইলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য তৎপরতা চালাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত তিনজনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।