ঝড়ে পাঁচ জেলায় কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় গত বুধবার রাতের ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিপুলসংখ্যক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও বগুড়ার শেরপুরে ঘরের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: রাত নয়টার দিকে ঝড় শুরু হয়। আধঘণ্টা স্থায়ী এ ঝড়ে সদর ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ঝড়ের সময় উপজেলার ধর্মপুর বাজারে নিজের মুদির দোকানে কাজ করছিলেন গ্রাম পুলিশ শহিদুল ইসলাম। এ সময় একটি গাছ তাঁর দোকানের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।সিরাজগঞ্জ: কাজিপুর ও রায়গঞ্জ উপজেলার ছয়টি ইউপির সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ঝড় ২০ মিনিট স্থায়ী হয়। ঝড়ে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, সদর; কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া, চরগিরিশ, মনসুর নগর, মাইজবাড়ী ইউপির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে এসব এলাকার অনেক মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। গতকাল কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দ্রুত ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য দেওয়ার আশ্বাস দেন।শেরপুর (বগুড়া): ঝড়ের সময় ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে ফাতেমা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউপির খন্দকারটোলা দক্ষিণ গ্রামে। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এ ঝড়ে উপজেলার দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিদ্যুতের খুঁটিসহ অসংখ্য গাছ উপড়ে পড়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুল খালেক জানান, ঝড়ের আঘাতে ২০টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। এ কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।ধুনট (বগুড়া): সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এ ঝড়ে সোনাহাটা কলেজ, বালিকা উচ্চবিদ্যালয়, বেলকুচি কারিগরি উচ্চবিদ্যালয়সহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদ উড়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।পীরগাছা (রংপুর): উপজেলার দুটি ইউপির নয়টি গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছ উপড়ে গেছে। এ ছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউএনও দেবময় দেওয়ান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় ইউপির চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।নাগেশ্বরী (কুড়িগ্রাম): উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ২৩টি গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাগেশ্বরী পৌরসভার মমিনগঞ্জ, হাসেম বাজার, চটাং, বিদ্যুৎপাড়া, সাঞ্জুয়ারভিটা গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।