ঝড়ে পিরোজপুরে দুজনের মৃত্যু তিন শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

পিরোজপুরের চার উপজেলায় গত শনিবার রাতে তিন শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ও বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্ধ্যা নদীতে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলে ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত আড়াইটার দিকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে নেছারাবাদ উপজেলার পূর্ব পাটিকেলবাড়ি গ্রামের মসিউর রহমান মোল্লার ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হলে ঘরের নিচে চাপা পড়ে মসিউর রহমান মোল্লার ছেলে সাব্বির হোসেন (১২) ঘটনাস্থলে প্রাণ হারায়। সাব্বির স্থানীয় পাটিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এদিকে নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে টিনের চাল থেকে পড়া বৃষ্টির পানি সংগ্রহ করার সময় সাফিয়া খানম (১৬) নামের এক মাদ্রাসাছাত্রী বজ্রাঘাতে মারা গেছে। নিহত সাফিয়া খানম কলারদোনিয়া গ্রামের ইব্রাহিম খানের মেয়ে। সে স্থানীয় মধ্য কলারদোনিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। এ সময় বজ্রাঘাতে আহত হয় সাফিয়ার মা মেরিনা বেগম (৪৫) ও ভাই কামরুল ইসলাম (১১)। এ ছাড়া রাত আড়াইটার দিকে নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে দেলোয়ার ঘরামি (৪৫) নামের এক জেলে নিখোঁজ হন। দেলোয়ার ঘরামি উপজেলার অলংকারকাঠী গ্রামের বাসিন্দা।
স্থানীয় উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুর সদর, নেছারাবাদ, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় প্রচণ্ড বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। ঘণ্টাব্যাপী ঝড়ে জেলার চারটি উপজেলার তিন শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে গেছে। এর মধ্যে নেছারাবাদ ও নাজিরপুর উপজেলায় আড়াই শ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভান্ডারিয়া ও কাউখালী উপজেলায় ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরপুর উপজেলায় পানের বরজ, আখখেত ও কলাখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নেছারাবাদ ও নাজিরপুর উপজেলায় ঝড়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে।
নাজিরপুর উপজেলার স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল আমিন বলেন, ঝড়ে কয়েক হাজার গাছপালা ভেঙে গেছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান বলেন, নাজিরপুর উপজেলার কলারদোনিয়ায় ৫০টি, দেউলবাড়িতে ৪০টি ও মাটিভাঙা ইউনিয়নে ৪০টি ঘর ভেঙে গেছে। এ ছাড়া অন্য ইউনিয়নগুলোতে ২০ থেকে ২৫ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা করার জন্য জেলা প্রশাসকের কাছে ২৫ মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা চাওয়া হয়েছে।
নেছারাবাদের ইউএনও আবুল কালাম তালুকদার বলেন, উপজেলার দৈহারি, সারেংকাঠি, গুয়ারেখা, জলাবাড়ি ও সমুদয়কাঠী ইউনিয়নে ১০৮টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ প্রথম আলোকে বলেন, ঝড়ে নিহত দুজন ও নিখোঁজ এক জেলের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া নেছারাবাদ উপজেলায় সাত মেট্রিক টন চাল ও নগদ ২০ হাজার টাকা এবং নাজিরপুরে সাত মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউএনওদের ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য পাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হবে।