ঝড়ে বাঁশখালীতে প্রাণ হারালেন ৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ আঘাতে চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীতে সাতজন নিহত হয়েছেন। জলোচ্ছ্বাসে উপজেলার দুটি ইউনিয়নের অন্তত চারটি ওয়ার্ড লন্ডভন্ড হয়ে গেছে। সন্দ্বীপেও ঝড়ে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল শনিবার বেলা একটায় উপকূলবর্তী খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ উপচে জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করে। এ সময় পানিতে ভেসে ছয়জন মারা যান। এ ছাড়া উপকূলবর্তী ছনুয়া ইউনিয়নে মারা যান আরও একজন নারী। নিহত ব্যক্তিরা হলেন খানখানাবাদের বুলু আক্তার (৩৫), আবু সিদ্দিক (৬০), মোহাম্মদ জালাল (৩), মোহাম্মদ হোসেন (৭), শাহেদা আক্তার (৩) ও শাহেদার ভাই (নাম জানা যায়নি) এবং ছনুয়া ইউনিয়নে তাহেরা বেগম (৩৫)।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ে বাঁশখালীর উপকূলবর্তী এলাকায় সাতজন প্রাণ হারান। জলোচ্ছ্বাসে ফসল, গবাদিপশু ও মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লোনা পানি প্রবেশ করেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে সাতজন মারা গেছেন। তিনি বলেন, বাঁশখালীর উপকূলবর্তী অন্তত ছয়টি ইউনিয়ন জলোচ্ছ্বাসে তলিয়ে যায়।
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুরে জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ ভেঙে আবার কোথাও উপচে লোনা পানি উপকূলবর্তী এলাকায় প্রবেশ করে।
জেলা প্রশাসকের ব্রিফিং: ঘূর্ণিঝড়ের পর এক ব্রিফিংয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, উপকূলবর্তী আনোয়ারা, সন্দ্বীপ, বাঁশখালী ও সীতাকুণ্ডে ৫০ কোটি টাকার ফসল ও ১০০ কোটি টাকার গবাদিপশু ও মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে। এ ছাড়া সন্দ্বীপে ২০ কিলোমিটার ও বাঁশখালীতে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলবর্তী চারটি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের সময় ৪৭৯টি আশ্রয়কেন্দ্রে দুই লক্ষাধিক মানুষ আশ্রয় নেন। তাঁদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
এদিকে প্রবল বাতাসে নগরের আগ্রাবাদ এলাকায় একটি বহুতল ভবনের কাচ ভেঙে নিচে পড়ায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, কাচের আঘাতে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পতেঙ্গা সমুদ্রসৈকতে টিনের আঘাতে একজন এবং হাটহাজারী ও আনোয়ারায় গাছের ডাল ভেঙে দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্দ্বীপ: স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বেশি হওয়ায় সাগরের পানি বেড়িবাঁধে আঘাত হানে। এতে রহমতপুর, সারিকাইত ও কালাপানিয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোনা পানি লোকালয়ে প্রবেশ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঝড়ে সন্দ্বীপের উপকূলবর্তী ৭ হাজার ৯১২টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত এবং ৪ হাজার ৮০৫টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকায় লোনা পানি প্রবেশ করেছে। ফলে পৌনে ৩ কোটি টাকা কৃষি ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে বিভিন্ন পুকুরের মাছ।