ঝড়ে বিদ্যালয়ের ঘর বিধ্বস্ত, মাঠে পরীক্ষা

স্কুলের টিনের ছাউনির ভবনটি ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে আছে এক পাশে। মাঠের তিন দিকে চারটি ছায়াযুক্ত স্থানে বেঞ্চ পেতে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এ চিত্র দেখা যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার কোনা পাছরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসিমা খাতুন বলেন, গত সোমবার রাতে ঝড়ে বিদ্যালয়ের টিন ও বাঁশের তৈরি ঘরটি বিধ্বস্ত হয়। এখন প্রথম সাময়িক পরীক্ষা চলছে। এ কারণে বিদ্যালয়ের মাঠের তিন দিকে বেঞ্চ পেতে ২৬২ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিদ্যালয়টির জমিদাতাদের একজন মো. আবদুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বসানো হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে সব সময় ঝড়-বৃষ্টির আতঙ্ক থাকে। তাই দুই পালার বদলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা এক পালায় নেওয়া হচ্ছে।
পঞ্চম শ্রেণির সুবর্ণা, লিমা ও করিম, চতুর্থ শ্রেণির সুজয় কিশোর রায়, সিয়ামসহ কয়েকজন শিক্ষার্থী বলে, মাথায় রোদের আঁচ নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। এ কারণে গরমে সমস্যা হচ্ছে।
সুজয়ের মা পপি রানী বলেন, পাকা ভবন থাকলে শিশুরা উৎফুল্ল থাকে। বিদ্যালয়ের ভবন না থাকলে শিক্ষার্থীরা আত্মগ্লানিতে ভোগে।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি বিদ্যালয়টির দুরবস্থার চিত্র তুলে ধরে আবেদন জমা দিয়েছেন। কিন্তু সাড়া পাওয়া যায়নি। প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পর যখন পাঠদান শুরু হবে, তখন শিক্ষার্থীদের আরও দুর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানেন। পাঠদান চালিয়ে নিতে আপাতত টিন দিয়ে একটা ঘর করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘আমরা শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যারে বিদ্যালয়টির ভবনবিষয়ক যাবতীয় তথ্য তুলে দিয়েছি। সেখান থেকে ভবন নির্মাণের প্রস্তাব পাস হয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যাওয়ার পর দরপত্র ডাকা হবে। এ বিদ্যালয়ের ভবন নির্মাণের প্রস্তাব তাঁর দপ্তর এখনো পায়নি।’