
স্কুলের একমাত্র টিনের ঘরটি ঝড়ে মুখ থুবড়ে পড়ে আছে দুদিন ধরে। এ কারণে গাছতলায় চলছে পাঠদান। ঘর সংস্কারের টাকাও বিদ্যালয়টির তহবিলে নেই। এ অবস্থা জামালপুর সদর উপজেলার শাহবাজপুর কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত হয়ে টিন ও বাঁশের তৈরি ঘরটি পড়ে আছে। ঘরের আসবাব, টিনসহ সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। কয়েকটি টিন পাশের মাঠে গিয়ে পড়েছে। শিক্ষার্থীরা মাঠে গাছতলায় বসে ক্লাস করছে। শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ২০ জন ছিল।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক শারমিন সুলতানা বলেন, শনিবার রাতে ঝড়ে বিদ্যালয়ের ঘরটি বিধ্বস্ত হয়। ঝড়ে এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে এটি মেরামতের উপায় নেই। নতুন করে ঘর নির্মাণ করতে হবে। স্কুলের ফান্ডেও টাকা নেই। ফলে ঘর কীভাবে নির্মাণ করা হবে, তা নিয়ে শিক্ষকেরা এখন উদ্বিগ্ন। ঘর না থাকায় রোববার স্কুল বন্ধ ছিল। গতকাল থেকে গাছতলায় পাঠদান শুরু হয়েছে। ঘর না থাকায় শিক্ষার্থীও কমে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ৩৩ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে এটি সরকারি হয়। বিদ্যালয়টিতে ১২৭ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন চারজন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরসহ নানা সমস্যা নিয়ে চলছিল বিদ্যালয়টি।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, শুরু থেকেই স্কুলটির করুণ দশা। আগেও ঘরটি ভাঙাচোরা ছিল। বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় আসবাব ছিল না। জরাজীর্ণ ঘরে ক্লাস চলছিল। এখন রোদের মধ্যে ক্লাস করতে হচ্ছে। এভাবে ক্লাস করতে তাদের খুব কষ্ট হচ্ছে।
সহকারী শিক্ষক মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্কুলটির দুরবস্থা ছিল। স্কুল থাকলেও প্রয়োজনীয় উপকরণ নেই। বিদ্যুৎ, পানি ও শৌচাগারও নাই। এমন স্কুলে ভালো মানের লেখাপড়া হতে পারে না। এ কারণে দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে।
প্রধান শিক্ষক মাহমুদা জাহান গতকাল বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি বিদ্যালয়টির দুরবস্থার চিত্র তুলে ধরে অনেকবার আবেদন জমা দিয়েছেন। কিন্তু সাড়া পাওয়া যায়নি। তিনি ঝড়ে ঘর বিধ্বস্তের বিষয়টি গত রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন।
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোবাখখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্কুলটির জন্য নতুন একটি ভবন নির্মাণে আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি। কিন্তু স্কুলটির জমি নিয়ে জটিলতা রয়েছে। ফলে নতুন ভবন নির্মাণ সম্ভব হয়নি। বর্তমান ঘরটি ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। স্কুল সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। দ্রুত সময়ের মধ্যে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’