ঝড়ে বিদ্যুতের আট খুঁটি ভেঙে রাস্তার ওপরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর পল্লী বিদ্যুতের আটটি খুঁটি ভেঙে পড়েছে। গতকাল শনিবার বিকেলে সড়কের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝড়ে বিদ্যুতের স্টিলের খুঁটিগুলো সড়কের ওপর পড়ে যায়। দুর্ঘটনা এড়াতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কালীগঞ্জ, ঘোড়াশাল, নরসিংদী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মীরা খুঁটিগুলো সড়কের ওপর থেকে সরিয়ে নেন। এরপর আবার যান চলাচল শুরু হয়।
পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক হযরত আলী বলেন, কালীগঞ্জের কিছু এলাকায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল।