জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় এ দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, তা-ও নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন। সোমবার রাতে ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পল্লী বিদ্যুতের বিভিন্ন গ্রামের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে ঝড় শুরু হলে বিদ্যুৎ চলে যায়। ২৪ ঘণ্টা পার হলেও বিদ্যুৎ আসেনি। এ কারণে বাসাবাড়িতে পানি নেই। মুঠোফোন চার্জ দেওয়া যাচ্ছে না। লোকজনদের দৈনদিন কাজ ব্যাহত হচ্ছে। গরমেও কষ্ট পাচ্ছেন তাঁরা।
ভেলামারী গ্রামের মো. আবুল হাসেম বলেন, ‘প্রায় দিনই আকাশে মেঘ দেখা দিলেই বিদ্যুৎ চলে যায়। এরপর বিদ্যুৎ আসার আর খবর থাকে না। এটা আমাদের প্রতিদিনের দুর্ভোগ। গত সন্ধ্যায় সামান্য ঝড় হয়েছে। তাতেই ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নাই। এ কারণে ইলেকট্রনিক সামগ্রী ও যন্ত্রপাতি ঠিকমতো চালানো যাচ্ছে না। বিভিন্ন কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। এতে পল্লী বিদ্যুতের গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে উঠছেন।’
মিলন বাজার এলাকার বাসিন্দা রফিকুল হাসান বলেন, প্রচণ্ড গরমে রাতে নির্ঘুম থাকতে হয়েছে। ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।
পবিসের উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান গতকাল সন্ধ্যার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঝড়ে কয়েকটি স্থানে তার ছিঁড়ে যাওয়ার খোঁজ পাওয়া গেছে। তবে আরও কয়েকটি স্থানে তার ছিঁড়ে থাকতে পারে। সে স্থানগুলো এখনো চিহ্নিত করা যায়নি।’ বিদ্যুৎ সরবরাহ কখন নাগাদ শুরু হবে, সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ঘন ঘন বিদ্যুৎ না থাকার বিষয়ে তিনি বলেন, আগের তুলনায় লোডশেডিংয়ের মাত্রা অনেক কমে গেছে। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ভালো থাকায় লোডশেডিং অনেকাংশে কমে গেছে।