কালবৈশাখীতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় ও গাছ উপড়ে পড়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ধরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে রোগী, কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় লোকজন জানান, গত ২৭ এপ্রিল রাতে ঝড় হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ভেতরের একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়াসহ ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে পানির পাম্প বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার দুপুরে গিয়ে কথা হয় সেখানে ভর্তি থাকা রোগী দুগনই গ্রামের কৃষক জব্বার আলীর (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘চার দিন ধইর্যা এই হানে আছি, কারেন্ট নাই, ফ্যানও ঘুরে না, মাঝেমধ্যে মনে অয় গরমে জানডা বাইর অইয়্যা যাইতাছে। কোনোরহমে গামছা ভিজাইয়া শরীর মুইছা রাখতাছি।’
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, ঝড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পানির পাম্পটি সচল হচ্ছে না। দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিভিল সার্জনসহ অনেককেই বিষয়টি জানিয়েছি।
সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশুতোষ কর্মকার বলেন, ‘একজন উপসহকারী প্রকৌশলীকে নিয়ে আমি গত শুক্রবার দুপুরে হাসপাতালের সার্বিক অবস্থা ঘুরে দেখেছি। দু-এক দিনের মধ্যে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ শুরু করা হবে বলে আশা করছি।’