ঝড়ে বিধ্বস্ত ভবন, মাঠে বসে পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ঘরটি মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। বিধ্বস্ত ঘরের পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন শিক্ষক। ছাত্রীরা মাটিতে বসে প্রথম সাময়িক পরীক্ষার উত্তরপত্রে লিখছে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষা-ভবানীপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এ দৃশ্য।১৫ এপ্রিল বিকেলে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনের ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। অর্থাভাবে ঘরটি মেরামত করা যায়নি। তাই এখনও দুমড়ে-মুচড়ে পড়ে আছে এটি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সিমা আকতার বলে, ‘ছয় দিন থেকে এভাবেই আছে আমাদের স্কুলঘরটি, স্যারদের নাকি টাকা নাই। সে জন্য ঘরটা ঠিক করেন না।’সপ্তম শ্রেণীর বাণী রানী রায়, আঁখি আকতার, আনিছা আকতারসহ একাধিক শিক্ষার্থী জানায়, ঝড়ের একদিন পর (১৭ এপ্রিল) থেকে তাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ১৭ তারিখ থেকেই তারা বিদ্যালয়ের মাঠে মাটিতে বসেই পরীক্ষা দিচ্ছে।প্রধান শিক্ষক মো. সাইফুল আলম বলেন, ‘আমরা সবাই বিনা বেতনের শিক্ষক। স্কুলঘর মেরামত করার জন্য এ মুহূর্তে বেশ কিছু টাকা দরকার। কিন্তু টাকা দিতে পারছেন না। এ জন্য ঘরটি মেরামত করা সম্ভব হয়নি। আমি এমপি সাহেবের কাছে টাকা চেয়ে আবেদন করেছি, দেখা যাক কী হয়।’সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ১৯৯৬ সালে পীরগঞ্জ উপজেলার নাকাটি-ভাবনাগঞ্জ রাস্তার টাঙ্গন সেতুর কাছে তিন একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সে সময় নিজেদের টাকায় টিনের ঘর তৈরি করে ৩০ জোড়া বেঞ্চ দিয়ে পাঠদান শুরু করা হয়। ২০০৪ সালে পাঠদানের স্বীকৃতি মেলে। বর্তমানে এখানে ১০৪ জন ছাত্রী লেখাপড়া করে। এখানে সাতজন শিক্ষক কর্মরত আছেন। বিদ্যালয় থেকে ২০১১ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৫ জনের মধ্যে ২২ জন এবং ২০১০ সালে ২০ জনের মধ্যে ১৮ জন পাস করে।অভিভাবক মো. রিয়াজুল ইসলাম জানান, আশপাশে তিন কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় নেই। তাই কোষা, ভবানীপুর, ভামদা ও কাঁঠালবাড়ি মৌজার শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়েই পড়াশোনা করে।সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, ‘চাকরি হবে, বেতন-ভাতা পাব, এ আশায় আমরা ১৭ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে আসছি। এত দিনেও স্কুলটি এমপিওভুক্ত হলো না।’সহকারী শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, ‘আমরা প্রতিদিন ক্লাস নিয়ে বিকেলে বাড়ি ফিরতাম, এভাবে কোনো রকমে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু ঘরটি বিধ্বস্ত হওয়ায় আমরা বেকায়দায় পড়ে গেলাম। ঘরটি তোলার জন্য অর্থ খরচ করার মতো অবস্থা আমাদের নেই।’মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের বলেন, ‘বিদ্যালয়ের ঘরটি সংস্কারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’