ঝড়ে বোরো ধান ও রবি শস্যের ক্ষতি
কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে গত সোম ও মঙ্গলবার বগুড়ার আদমদীঘিতে বোরো ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বোরো ও রবিশস্য নিয়ে শঙ্কিত উপজেলার কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার এই উপজেলার সান্তাহার পৌরসভা ও ছয়টি ইউনিয়নে ১২ হাজার ৭০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের ভালো ফলনের আশা করলেও গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়, বাতাস আর মুষলধারে বৃষ্টিতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার সান্দিড়া গ্রামের সিদ্দিক হোসেন বলেন, ‘এবার আমি চলতি বোরো মৌসুমে কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে ১৫ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছি। কয়েক দিনের বৈশাখী ঝড় ও বাতাসে প্রায় ১০ বিঘা জমির ধান মাটিতে পড়ে গেছে।’
দমদমা গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ধান নিয়ে সব কৃষক শঙ্কায় রয়েছেন। আকাশে মেঘ দেখলেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ ছাড়া ধান পাকলেও মজুরের অভাবে কাটা সম্ভব হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান বলেন, কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ে ইরি-বোরো ধানের গাছগুলো মাটিতে পড়ে একাকার হয়েছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।