ঝড়ে মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়-বৃষ্টির কারণে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন ছিল। বজ্রপাতের কারণে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে ও যন্ত্রাংশের ক্ষতি হয়ে কমলগঞ্জ উপজেলায় সাড়ে ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বিদ্যুৎ চলে গিয়ে পুরো শহর অন্ধকারে ডুবে যায়। ঝড় ও বজ্রপাতের কারণে মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সরবরাহ লাইনের বিভিন্ন স্থানে লাইনের ওপর গাছ উপড়ে পড়ে। বজ্রপাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল লাইনের তিনটি স্থানে পিন-ইনসুলেটর ফেটে যায়। ঝড়ে গাছ পড়ে তিনটি স্থানে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। গাছ সরানো ও ইনসুলেটর বদল করে রাত আড়াইটার দিকে সরবরাহ লাইন চালু করা হয়। জেলা শহরের ফিডার লাইনের বিভিন্ন স্থানে গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়। এগুলো ত্রুটিমুক্ত করে পর্যায়ক্রমে গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ লাইন গতকাল বুধবার বেলা একটা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরে বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। বিদ্যুৎ এই আসে এই যায়—এমন অবস্থায় সারা দিন কেটেছে। ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ-সমস্যা তীব্র হয়ে উঠেছে। সামান্য ঝড়-বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যায়।
পিডিবি মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী জামশেদ আলম ভূঁইয়া বলেন, ঝড়-বৃষ্টিতে লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত জায়গা খুঁজে বের করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অনেক সময় লেগেছে। মৌলভীবাজার শহরে গ্রিড সাব-স্টেশন স্থাপন করা হলে এই দুর্ভোগ অনেকটাই কেটে যাবে। তখন সরবরাহ লাইনের সমস্যার জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে না। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাতের বজ্রপাতে শমশেরনগরে ৩৩ কিলোভোল্টের প্রধান বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে ও যন্ত্রাংশের ক্ষতি হয়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। সাড়ে ১৫ ঘণ্টা পর গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। গত কয়েক দিন ধরে কমলগঞ্জে দিনে আবহাওয়া স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর শুরু হয় মাঝারি ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত। সঙ্গে বজ্রপাত। বজ্রপাতে শমশেরনগর চা-বাগান এলাকা দিয়ে প্রবাহিত প্রধান বিদ্যুৎ লাইনের চারটি তার ছিঁড়ে ও আলীনগর চা-বাগান এলাকায় বৈদ্যুতিক যন্ত্রাংশ ইনসুলেটর ভেঙে বিপর্যয় দেখা দেয়। ফলে উপজেলার ৩৬ হাজার বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ডিজিএম প্রকৌশলী এস এম হাসনাত হাসান বলেন, প্রতি রাতের বৃষ্টির সঙ্গে ঝড়ে গাছ ভেঙে পড়ে ও যন্ত্রাংশ ভেঙে বিদ্যুৎ লাইনের ক্ষতি হচ্ছে। বিদ্যুৎকর্মীরা সংস্কার করে এক-দুই ঘণ্টার মধ্যে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করছেন। তবে মঙ্গলবার রাতের ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শমশেরনগরে প্রধান বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে ও কয়েকটি ইনসুলেটর ভেঙে এ বিপর্যয় ঘটে।