ঝড়ে রেলিং ভেঙে তিনজন নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত শনিবার রাতে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদের রেলিং ভেঙে একজন ইজিবাইক চালক ও দুই যাত্রী নিহত হন। ওই ঘটনায় গতকাল রোববার ভবনের মালিক ক্যাডটেক্সের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে আটটার পর নারায়ণগঞ্জে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। তখন ফতুল্লার কুতুবআইল এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা ক্যাডটেক্সের ছয়তলা ফ্লোরের ওপর নির্মাণাধীন সাত তলার ছাদের রেলিংয়ের একটি অংশ ভেঙে রাস্তার ওপর চলন্ত ব্যাটারিচালিত ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই যাত্রী
ওয়াজউদ্দিনের মৃত্যু হয়। আহত হন পাঁচ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের চালক আজহারুল ইসলাম ও যাত্রী ফোরকানের মৃত্যু হয়।
এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ওই পোশাক কারখানায় হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারসহ পাঁচজন আহত হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার মালিক বাইরে থেকে তালা মেরে দেন। তখন কারখানা লক্ষ্য করে বাইরে থেকে প্রচুর ইটপাটকেল ছোড়া হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনায় গতকাল নিহত আজহারুলের ছেলে হেলাল উদ্দিন ক্যাডটেক্সের মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম গতকাল সকালে কারখানা ভবন ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও সাংবাদিকদের জানান, ছয় তলার ওপরে ভবনের নির্মাণকাজ করার সময় বিল্ডিং কোড মানা হয়নি। নির্মাণ কাজের সময় বাইরে থেকে ছালা প্রদান বা কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়নি। এ কারণেই শনিবার রাতে ঝড়ের সময় ওই স্থাপনা ভেঙে তিনজনের মৃত্যু হয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।