বেলা পৌনে দুইটা। সোমবার (গতকাল)। চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া বাজারের পাশের মাদ্রাসা। ভবনের নিচতলায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হয়েছে শতাধিক মানুষ। তাদের উদ্দেশে বক্তব্য দিতে দাঁড়িয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। বক্তব্য শুরু করার কিছুক্ষণ পর বেশ কয়েকজন লোক মন্ত্রীর উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘ত্রাণ চাই না। আমাদের বেড়িবাঁধ দেন।’ অন্যরা তাঁদের সঙ্গে সায় দেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘আপনারা ধৈর্য ধরেন। সরেজমিনে বাঁধ দেখার জন্য আমি এসেছি। দেখে মনে হয়েছে, নাজুক বাঁধের কারণে আজ এই অবস্থা। বাঁধ হবে।’
বেড়িবাঁধ না থাকায় বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রায় শতভাগ ঘর ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। ইউনিয়নের ৬ হাজার ৪৯০টি ঘরের সব কটিতেই পানি ঢুকেছে। দুই থেকে আড়াই হাজার ঘর ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু এই ইউনিয়নেই মারা গেছেন বৃদ্ধ, নারী, শিশুসহ সাতজন। বাঁধ না থাকার কারণে সম্পদ ও প্রাণের এত ক্ষতি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, সমুদ্র উপকূলের সঙ্গেই প্রেমাশিয়া বাজার। বাজারের শেষ মাথায় জমির আইলের মতো একটি বাঁধ রয়েছে। গতকালও জোয়ারের সময় বাঁধটি ডুবে ছিল। প্রেমাশিয়া বাজারের আশপাশের মৌলভিপাড়া, তলাইয়ার পাড়া, রোসাঙ্গির পাড়াসহ ইউনিয়নের সমুদ্রঘেঁষা দুটি ওয়ার্ডের প্রায় ৬০০ ঘরের চিহ্নও এখন আর অবশিষ্ট নেই। প্রেমাশিয়া বাজার-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের চারদিক পানিতে থইথই করছে।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম শিকদার বলেন, বাঁধ না থাকায় প্রতিবছর পাড় ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, দোকানপাট। আশ্রয়কেন্দ্রটিও সমুদ্রগর্ভে চলে যেতে আর সময় লাগবে না। স্থানীয় ব্যক্তিরা বলেন, গত শনিবার বেলা ১১টার দিকে ঝড় আঘাত হানতে শুরু করার সঙ্গে সঙ্গে বাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে। পরে বাঁধটিও তলিয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবি) সূত্রে জানা গেছে, বাঁশখালীর সমুদ্র উপকূলে ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ছয় কিলোমিটার এলাকায় বাঁধের নিশানাও এখন আর নেই। এই ছয় কিলোমিটারের মধ্যে খানখানাবাদ ইউনিয়ন অংশে রয়েছে প্রায় চার কিলোমিটার এবং ছনুয়া ইউনিয়নের অংশে রয়েছে দুই কিলোমিটার। এ ছাড়া ঘাটখালী, গণ্ডামারাসহ বিভিন্ন এলাকায় আরও ১০ কিলোমিটারের বেশি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য পাউবো ২০১৫ সালে একটি প্রকল্প নেয়। ওই প্রকল্প একনেকে পাস হওয়ার পর দরপত্রও আহ্বান করা হয়েছিল। কিন্তু ঠিকাদার নির্বাচন করা হয়নি।
জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী (বাঁশখালীর দায়িত্বে) জুলফিকার তারেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ আশা করছি, বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত ১৮ কিলোমিটার অংশ নির্মাণের কাজটি আগামী শুষ্ক মৌসুমে শুরু করা যাবে। ২৫১ কোটি টাকার সংশোধিত প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে।
পাউবোর সূত্র থেকে জানা যায়, বাঁধের উচ্চতা হবে প্রায় আট ফুট। এর মাধ্যমে জলোচ্ছ্বাস রোধ করা অনেকটা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খানখানাবাদের মানুষের। ছনুয়া ও গণ্ডামারা ইউনিয়নও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। পুরো বাঁশখালীতে ঝড় ও জলোচ্ছ্বাসে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান। তিনি বলেন, বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসে এলাকার চিংড়িঘের ও লবণমাঠও তলিয়ে গেছে।
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছিদ্দিক গতকাল তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের পুরো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
প্রেমাশিয়া বাজারটি পড়েছে ৭ নম্বর ওয়ার্ডে। বাজার লাগোয়া সাগরের কূল ঘেঁষে তলাইয়ার পাড়ায় ৪০টির মতো পরিবার বাস করত। সেখানে এখন কোনো বাড়িঘরের অস্তিত্ব নেই।