ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও হাজার গাছপালার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাপ্তাইয়ে গতকাল মঙ্গলবার কালবৈশাখীতে শতাধিক ঘর ও হাজারের বেশি গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও বর্ষণে টেকনাফের প্রায় অর্ধকোটি টাকার লবণ বৃষ্টির পানিতে ভেসে গেছে। এতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আমাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:টেকনাফ (কক্সবাজার): টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল কালবৈশাখী ও বৃষ্টিতে ভেসে গেছে বিপুল পরিমাণ লবণ। এতে স্থানীয় লবণচাষিদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত টেকনাফে টানা বর্ষণ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন জানান, লবণচাষিরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভা ও পদুয়া, কোদালা এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ওপর দিয়ে হঠাৎ কালবৈশাখী বয়ে যায়। বেলা একটা পর্যন্ত থেমে থেমে চলে ঝড়। এতে ওই সব এলাকার শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজারেরও বেশি গাছপালা উপড়ে পড়েছে।পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবির জানান, পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়নের ১৭-১৮টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যায়। কাপ্তাই (রাঙামাটি): গতকাল বেলা ১১টা থেকে দেড় ঘণ্টার ঝড়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলা এবং রাঙামাটি জেলার কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।