ঝড়ে শিবচরে শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ ঝড়ে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার বিকেলে মাত্র ২০ মিনিটের এই ঝড়ে গবাদিপশু ও ফসলের ক্ষতি হয়েছে। শিবচর উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের ৭ নম্বর ও ১ নম্বর ওয়ার্ডে ঝড় আঘাত হানে। এতে হাজি সাবের আলীকান্দি, আমিনউদ্দিন বেপারিকান্দিসহ ১০টি গ্রামের শতাধিক ঘরসহ ফসলের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বাস করছে। গতকাল শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাসসহ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ঝড় এসে প্রত্যন্ত ওই জনপদের ঘরবাড়িসহ টিউবওয়েলও উঠিয়ে নিয়ে গেছে। অনেকেইে খোলা আকাশের নিচে বাস করছে।