ঝড়ে সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৪ জেলে
ভোলার মনপুরা উপজেলার চরনিজাম দক্ষিণ-পশ্চিমে টিনচরসংলগ্ন সাগর মোহনায় ঝড়ের কবলে ট্রলারডুবি হয়েছে। ওই ট্রলারের ১১ মাঝি উদ্ধার হলেও আজ সোমবার দুপুর পর্যন্ত চারজন জেলে নিখোঁজ রয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, নিখোঁজ জেলেরা হলেন কামাল মাঝি (৫৮), বাচ্চু মাঝি (৪৫), আকাশ মাহমুদ (৩৫) ও সাইফুল ইসলাম (২৮)। তাঁদের বাড়ি চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায়।
চরনিজাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদের ভাষ্য, রাতেই নিখোঁজ জেলেদের উদ্ধারে চরনিজাম থেকে আটটি ট্রলার সাগরে নেমেছে। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের ঢালচর-সংলগ্ন সাগর থেকে উদ্ধার করা হলেও চার জেলে এখনো নিখোঁজ রয়েছেন। আজ বেলা একটা পর্যন্ত উদ্ধারকারী ট্রলারগুলো ফিরে আসেনি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশের সহযোগিতা অব্যাহত রয়েছে।