ঝড়ে সিরাজগঞ্জের তিন উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ছয়টি উপজেলায় গত সোমবার রাতের ঝড়ে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। সহস্রাধিক গাছসহ বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় তিনটি উপজেলায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলায় সন্ধ্যা সাতটায় ঝড় শুরু হয়। আধা ঘণ্টা স্থায়ী এ ঝড়ে উপজেলাগুলোর বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়। সহস্রাধিক গাছ উপড়ে পড়ে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাতী উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের দুটি, সলঙ্গায় ১০টি, সদর উপজেলায় পাঁচটি, তাড়াশে তিনটি ও কাজিপুরে দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। একই সঙ্গে এসব এলাকার প্রায় ২০ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে গেছে। রায়গঞ্জ, তাড়াশ ও সদর উপজেলার গ্রামাঞ্চলে গতকাল দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেলা সদর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুনুর রহমান বলেন, ‘ভেঙে যাওয়া খুঁটিগুলো প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারগুলো জোড়া লাগানো হচ্ছে। আশা করি, শিগগিরই বিদ্যুতের সংযোগ চালু করা সম্ভব হবে।’