ঝড়ে সিলেট নগরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। রাত সাড়ে নয়টায় দুই দফা ঝড়ের পর থেকে নগরের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুতের সংস্কারকাজ সেরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, রাত সাড়ে নয়টা ও পৌনে ১০টায় দুই দফা কালবৈশাখীতে নগরের ছড়ারপাড়, আম্বরখানা, জেলরোড, কালীঘাট, সুরমা মার্কেট ও কুমারগাঁও এলাকার অন্তত ২৫টি বড় আকৃতির গাছ বিদ্যুতের খুঁটির ওপর উপড়ে পড়ে। এর পর থেকে নগরের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সকালে রাস্তার গাছ অপসারণ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও সিলেট কেন্দ্রীয় কারাগার ও কুমারগাঁও এলাকায় বৈদ্যুতিক খুঁটির ওপর পড়া গাছ অপসারণ করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কের বাসভবনের সামনের প্রায় শতবর্ষী একটি বটগাছ প্রথম দফা ঝড়ে রাস্তার ওপর গিয়ে পড়ে। এ সময় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার ও একটি খুঁটিও ভেঙে যায়। রাত থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ ঘটনাস্থলে বিশেষ প্রহরা বসিয়ে ভেঙে পড়া গাছটি অপসারণের কাজ শুরু করেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সেটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি বলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।