ঝড়ে ৩০ ঘর লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জোতকলসী গ্রামে গতকাল রোববার ভোরে ঝড়ে ১৫টি বাড়ির প্রায় ৩০টি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। মাত্র দেড় মিনিটের ঝড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী দাবি করছেন। তাঁরা জানান, রাত থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যে গ্রামের আবদুল কুদ্দুস, সিদ্দিক হোসেন, আবুল হোসেন, ইন্তাজুর রহমান, হাফিজুর রহমান, সানোয়ার হোসেনের বাড়িসহ ১৫টি বাড়ির প্রায় ৩০টি ঘর লন্ডভন্ড হয়ে যায়। মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মত আলী বলেন, ‘আচমকা ঘটনা ঘটায় আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এখনো কোনো ব্যবস্থা নিতে পারিনি।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, ‘লোক মারফত ঘটনাটি শুনেছি। তবে ক্ষতিগ্রস্ত মানুষ কিছু জানায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’