ঝড়ে ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত
শেরপুরে গত বুধবার রাতে কালবৈশাখীতে তিন শতাধিক ঘরবাড়ি ও একটি চালকল বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বোরো ধান ও সবজিখেতের। ঝড়ে উড়ে যাওয়া টিন ও ভেঙে পড়া গাছের ডালের আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া ঝড়ে জেলার বিদ্যুৎ সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।এদিকে বুধবার রাতের কালবৈশাখীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। বুধবার রাত থেকে ২২ ঘণ্টা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।শেরপুরের প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার রাত আটটার দিকে শেরপুর পৌরসভা, শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী, বলাইয়েরচর ও ভাতশালা ইউনিয়ন এবং শ্রীবরদী উপজেলার গোসাইপুর, কাকিলাকুড়া ও খড়িয়া কাজিরচর ইউনিয়নের ১৫টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া গ্রামের প্রায় দেড় শ কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া নন্দীরবাজারের একটি চালকল বিধ্বস্ত হয়।ঝড়ে শেরপুর-জামালপুর ১৩২ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। এতে জেলায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।স্থানীয় লোকজন জানান, ঝড়ে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এদিকে বুধবার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। ২২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ছাড়া ঝড়ে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ধূপাটিলা প্রাথমিক বিদ্যালয়সহ তিন শতাধিক বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়।পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঝড়ে শমশেরনগর ইউনিয়নে একটি টাওয়ারসহ উপজেলায় ১০টি খুঁটি ও ৫১টি মিটার ভেঙে যায়। উপজেলার ৯০টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।পবিসের কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে রাত সাড়ে আটটায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কমলগঞ্জের ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঝড়ে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্থানে কিছু বাড়িঘরের আংশিক ক্ষতি হয়েছে।