ঝড়ে ৫৬ বসতঘরের চাল উড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল বুধবার দুপুরে অর্ধশত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে ও উপড়ে গিয়ে উপজেলার বড় অংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঝড়ের কবলে পড়ে চকরিয়া উপজেলার চিরিংগা, খুটাখালী, ডুলাহাজারা, সাহারবিল, বদরখালী, পূর্ব বড় ভেওলা ও কোনাখালী ইউনিয়নে ৫৬টি বসতঘরের চালা উড়ে গেছে। এ ছাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চিরিংগা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নে অন্তত ৩০টি বসতঘর ভেঙে গেছে। সড়কের ওপর গাছ পড়ে থাকায় কয়েক ঘণ্টার জন্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিএম) আশরাফ উদ্দিন খান বলেন, বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের ওপরে শত শত গাছ হেলে পড়েছে। এসব গাছ সরাতে সময় লাগবে। আজ বৃহস্পতিবার রাতের মধ্যে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘বুধবার সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।’