ঝড়ে ৮০০ ঘর বিধ্বস্ত ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় শনিবার ঝড়ে প্রায় ৪০০ ঘর বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় পত্নীতলায় দেয়াল ধসে দুজন নিহত হয়েছে। নাটোরের সিংড়ায় ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ২৫টি গ্রাম। এতে বিধ্বস্ত হয়েছে ৩২৩টি ঘর। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: ঝড় ও শিলাবৃষ্টিতে নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার প্রায় ৪০০ ঘর বিধ্বস্ত হয়েছে। অনেক দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঘরের চাল উড়ে গেছে। কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে।পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর টেকনিক্যাল স্কুলের দেয়াল বিধ্বস্ত হয়ে চক শ্রীপুর গ্রামের মামুনুর রশিদ (৫৫) নামের এক শিক্ষক এবং নাগর গোলা গ্রামের নুরুল হুদার মেয়ে হিমু (৯) নিহত হয়েছে।সরজমিনে দেখা গেছে, ধামইরহাটের আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ি, অর্জুনপুর ও বৈদ্যবাটি গ্রামে বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে পড়ায় এসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে আছেন। বাড়িঘর ও ফসল হারিয়ে ঝড়কবলিত এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শনিবার বিকেল পাঁচটা থেকে পত্নীতলা উপজেলার পত্নীতলা, নজিপুর, পাটিচরা, মাটিন্দর ও ঘোষনগর ইউনিয়ন এবং ধামইরহাটের আড়ানগর, জাহানপুর ও ইসবপুর ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান ও ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন জানান, আটটি ইউনিয়নে চার হাজার হেক্টরের বোরো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ৩০ হেক্টরের তরমুজ, ৫০ হেক্টরের কলা, ৬০ হেক্টরের গম, ১০ হেক্টরের ভুট্টা, ২০০ হেক্টরের আম এবং ৬০ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। নাটোর: সিংড়ার ২৫টি গ্রাম শনিবার সন্ধ্যায় ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এতে তিন শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপরই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে সিংড়ার শেরকোল, লালোর, হাতিয়ান্দহ, কলম, তাজপুর, ইটালি ইউনিয়ন ও সিংড়া পৌরসভার প্রায় ২৫টি গ্রামের ৩২৩টি ঘর সম্পূর্ণ এবং ৫১১টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। সাড়ে তিন হাজার হেক্টর জমির উঠতি বোরো ধান, গম, ভুট্টা, খেসারি ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় সিংড়া উপজেলা সদর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।